২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী সেলিমের কথায় ‘ক্ষুব্ধ’ ডেপুটি স্পিকার

স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট নেতা হাজি মো. সেলিমের সংসদে করা এক মন্তব্যে তার ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:17 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির আগে হাজি সেলিমকে সম্পূরক প্রশ্নের ফ্লোর দেন ডেপুটি স্পিকার। এসময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতউর রহমানের প্রশ্নোত্তর চলছিল।

হাজি সেলিম প্রশ্ন করার সময় বলেন, “প্রশ্নটি সহজ করব, না কঠিন করব?”

তখন ডেপুটি স্পিকার বলেন, “আমি বুঝতে পারলাম না।”

হাজি সেলিম তখন বলেন, “বুঝতে না পারাই ভালো।”

এতে ক্ষুব্ধ কণ্ঠে ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সদস্য, আপনি একথা বলতে পারেন না।”

পরে হাজি সেলিম বলেন, “মন্ত্রী বয়স্ক। তাই আমি জানতে চেয়েছিলাম প্রশ্ন সহজ করব, না কঠিন করব। আপনি আমার স্পিকার, আমি সহযোগিতা চাইতেই পারি।”