২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশুক প্রতিস্থাপনে স্থগিতাদেশ প্রত্যাহার দাবি

আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করে দুই স্ট্রোকের তিন চাকার যান মিশুকের পরিবর্তে সিএনজিচালিত অটোরিক্সার নিবন্ধন দিতে দাবি জানিয়েছে মালিক-শ্রমিকদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 08:54 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মহানগর সিএনজি অটোরিকশা হালকাযান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. ওবায়দুল হক বলেন, “বিআরটিএ মিশুক প্রতিস্থাপনের উদ্যোগ নিলেও উচ্চ আদালতের আদেশে সে প্রক্রিয়া স্থগিত আছে।

“সরকারি হস্তক্ষেপে আইন মন্ত্রনালয়ের মাধ্যমে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিবন্ধন কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছি।”

তিনি মিশুকের পরিবর্তে ২ হাজার ৬৯৬টি এবং ঐক্য পরিষদের পক্ষ থেকে আবেদন করা ৫ হাজার সিএনজিচালিত অটোরিক্সার নিবন্ধন দিতে সরকারের কাছে আবেদন জানান।

বিআরটিএ-এর হিসাবে, রাজধানীতে নিবন্ধিত প্রায় ১৩ হাজার অটোরিক্সার অধিকাংশেরই মেয়াদ শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। এর বাইরে প্রায় ৩ হাজার ব্যক্তিগত অটোরিক্সা নগরীতে চলাচল করে।

বায়ু দূষণের হাত থেকে ঢাকাকে বাঁচাতে এক যুগ আগে দুই স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশা তুলে দিয়ে রাজধানীতে চার স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশা চালুর উদ্যোগ নেয়া হয়। ২০০২ সালে রাস্তায় নামে সবুজ রঙের সিএনজিচালিত অটোরিক্সা।

সে সময় ৩৫ হাজার দুই স্ট্রোক অটোরিক্সার পরিবর্তে রেজিস্ট্রেশন দেয়া হয় ১৩ হাজার চার স্ট্রোক সিএনজি অটোরিক্সা।

ইঞ্জিনের ‘ইকোনোমিক লাইফ’ হিসাব করে সেই সময় ৯ বছরের জন্য অটোরিকসার লাইসেন্স দেয়া হলেও মালিক ও চালকদের দাবিতে আরো দুই বছর বাড়ানো হয় এই মেয়াদ।