সংসদে বেড়েছে ব্যবসায়ী, কমেছে আইনজীবী
বাংলাদেশের প্রথম সংসদে জনপ্রতিনিধি হিসেবে আইনজীবীদের সংখ্যা সবচেয়ে বেশি থাকলেও সময়ের ব্যবধানে সে স্থান দখল করেছেন ব্যবসায়ীরা।
নবম জাতীয় সংসদের সদস্যদের মধ্যে ৫৭ শতাংশই ব্যবসায়ী ছিলেন বলে টিআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে।
সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নবম জাতীয় সংসদের কার্যক্রমের ওপর সংস্থার পর্যবেক্ষণমূলক গবেষণা প্রতিবেদন ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
এতে বলা হয়, জাতীয় সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব ক্রমশ বেড়ে নবম সংসদে ৫৭ ভাগে দাঁড়ায়, যা প্রথম সংসদে ছিল মাত্র ১৭ দশমিক ৫ ভাগ।
অন্যদিকে প্রথম সংসদে সবচেয়ে বেশি সংখ্যায় ৩১ শতাংশ আইনজীবী ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে আইনজীবীদের সেই হার কমে নবম সংসদে ১৪ শতাংশে নেমে আসে বলে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে।
