২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য-প্রযুক্তি নিয়ে মতবিনিময় করবেন জয়

এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময়ে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 11:19 PM

Updated : 13 Oct 2022, 11:55 AM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নতুন প্রজন্মের বিশেষজ্ঞ, তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীরা মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জয়ের সঙ্গে এই মতবিনিময়ে অংশ নেবেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেন থেকে এ অনুষ্ঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের (www.bdnews24.com) ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।

এ অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাষ্ট্র চালনায় নাগরিকের সক্রিয় অংশগ্রহণ এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে সুসংহত করার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ এবং নীতিমালা প্রণয়নের সাথে তরুণ উদ্যোক্তা, আইসিটি বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের মতামতকে সরাসরি সম্পৃক্ত করতে প্রথমবারের মতো এ উদ্যোগ নেয়া হয়েছে।”

নির্বাচনের পর প্রথমবারের মতো এ ধরনের কোনো আলোচনা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জয়।

এর আগে দশম সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ‘লেট’স টক’ শিরোনামে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সে সময় বিভিন্ন শ্রেণি-পেশায় সফল ব্যক্তিদের সঙ্গেও আলাদাভাবে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় প্রতিটি অনুষ্ঠানেই সরকার ও আওয়ামী লীগের অবস্থান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মঙ্গলবারের মতবিনিমিয় সভা আওয়ামী লীগের ওয়েবসাইট (www.albd.org.bd), সিআরআইয়ের ওয়েবসাইট (www.cri.org.bd), একাত্তর টেলিভিশন ও পিপলস রেডিওতেও সরাসরি প্রচার করা হবে।