জামায়াতের হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
জামায়াত-শিবিরের সাম্প্রতিক হামলা-নির্যাতনে নীলফামারীতে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকার ইব্রাহীম মেডিক্যাল কলেজ ও বারডেম হাসপাতালের শিক্ষার্থীরা।
সোমবার সকালে এ সদর উপজেলার লক্ষ্মীচাপ, টুপামার ও পলাশবাড়ী ইউনিয়নে নির্যাতনের শিকার ১৭টি নিঃস্ব পরিবারকে ৮৫ হাজার টাকা প্রদান করেন ইব্রাহীম মেডিক্যাল কলেজ ও বারডেম হাসপাতালের সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে ও সহ-সভাপতি গোপাল সীল।
সুব্রত দে বলেন, “আমাদের কলেজের অধ্যক্ষ ডা. জালাল উদ্দীন আশরাফ ও শিক্ষক ডা. অরউপ রতন চৌধুরীর ব্যক্তিগত প্রচেষ্টায় এবং বারডেম হাসপাতালের ডা. বাঁধন কুমার দের সার্বিক সহযোগিতায় এই সহায়তা দেয়া সম্ভব হয়েছে।
তারা প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা সাহায্য করেন।
নীলফামারী শহরের মিলনপল্লী সার্বজনীন দূর্গা মন্দির চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ এ আয়োজন করে।
গত ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার সাথে সাথে নীলফামারীর লক্ষীচাপ, পলাশবাড়ী ও টুপামারী ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় হিন্দু সম্পদায়ের ওপর ব্যাপক সহিংসতা চালায় জামায়াত-শিবির।
