অপার সম্ভাবনার ভূমি বাংলাদেশ: মজীনা
দুর্ঘটনা ও দুর্যোগসহ নানা সমস্যা থাকলেও বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ, যার যাদুকরী ক্ষমতা রয়েছে বলে মনে করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
তিনি বলেছেন, “বাংলাদেশ ইজ এ ম্যাজিক্যাল কান্ট্রি। এ দেশে যেমন অনেক সমস্যা এবং অন্ধকার আছে। তেমনি দিগন্ত প্রসারিত আলোও রয়েছে। এই দেশের রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসের মত ট্র্যাজিক্যাল ঘটনাও আছে, প্রকৃতিক দুর্যোগও আছে।
রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির রেস্টুরেন্টে নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক এলায়েন্সের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা সভায় একথা বলেন তিনি।
মজীনা বলেন, “বাংলাদেশকে অনেকে ল্যান্ড অব ট্র্যাজেডি বলেন, এটা সত্য নয়। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অব গ্রেট হোপ।”
বাংলাদেশের উন্নয়ন-সম্ভাবনা-সমস্যার ওপর সবিস্তারে আলোকপাতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহায়তায় সেসব চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা হচ্ছে তা নিয়েও কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, “২০১১ সালের ১৯ নভেম্বর আমি ওবামা প্রশাসনের যে নির্দেশ নিয়ে বাংলাদেশে কাজ শুরু করেছি, তা থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াইনি।”
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশিদারিত্ব সম্পর্ক আরো গভীরতর করার চেষ্টা কথা উল্লেখ করে মজীনা বলেন, “দু-দেশের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ রয়েছে, তা দূর করতে আমরা এক টেবিলে রয়েছি এবং সেটি হচ্ছে দিগন্ত প্রসারিত আলোচনা।”
তিনি বলেন, “বাণিজ্য ও বিনিয়োগের সমস্যা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের উদারতার সীমা নেই। বাংলাদেশের তৈরি পোষাককে বিশ্বের এক নম্বর ব্র্যান্ডে পরিণত করার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, তা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। এখন সময় হচ্ছে সে সব অন্তরায় দূর করার।”
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি মতবিনিময় সভা এবং একটি সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেন মজীনা। এছাড়াও জ্যাকসন হাইটস পরিদর্শন করে প্রবাসী বাঙালি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সন্ধ্যায় লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টসংলগ্ন ‘ওয়ার্ল্ডফেয়ার মেরিনা’ রেস্টুরেন্টে নিউ ইয়র্ক সিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারী প্রবাসীদের সমাগম ঘটে। বেইজিং অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়া চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিম রাষ্ট্রদূতকে একটি চিত্রকর্ম উপহার দেন।
অনুষ্ঠানে উত্তর আমেরিকায় সদ্য প্রবাসী বাংলাদেশিদের তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের চেষ্টায় নিয়োজিত ‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী আবু হানিফকে সম্মানা দেয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট সমতলী হক, কম্যুনিটি লিডার নাসির খান পল, আইনজীবী এন মজুমদার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক ডেমোক্রেটিক এলায়েন্সের প্রধান হাসানুজ্জামান হাসান এবং স্বাগত বক্তব্য দেন গিয়াস আহমেদ।
এর আগে উডসাইডের গুলশান টেরেসে আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মঈন চৌধুরী আয়োজিত মতবিনিময় সভায় ড্যান মজীনা কথা বলেন। নাদিয়া আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুলশান টেরেসের সত্ত্বাধিকারি মহসীন ননী, মান্নান সুপার মার্কেটের সাঈদ রহমান মান্নান, চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, ব্রুকলিন মুসলিম সেন্টারের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম।
বিএনপি নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভ
সন্ধ্যায় নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও অর্থ-বিষয়ক সম্পাদক আবদুস সালামের মুক্তি দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নিউ ইয়র্ক রাজ্য বিএনপির সভাপতি অলিউল্যা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, ফেনী জেলা বিএনপির উপদেষ্টা জসিম উদ্দিন ভূইয়া, নিউ ইয়র্ক রাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ খালেক আকন্দ, এম এ মতিন, নুরুল ইসলাম, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির মহাসচিব জসিম উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর এম আলম।
