২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে দুই মার্কিন সাংবাদিককে সম্মাননা

একাত্তরে বাংলাদেশের পাশে দাঁড়ানো দুই মার্কিন সাংবাদিককে সংবর্ধনা দেবে জাতিসংঘে বাংলাদেশ মিশন। এই দুজন হলেন লরেন্স লিফশুলজ ও আর্নল্ড জেটলিন।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 11:14 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

নিউ ইয়র্ক সময় সোমবার বিকালে এই সম্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এ কে এ মোমেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে একাত্তরের চেতনায় বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের অনেক প্রভাবশালী সাংবাদিক অসাধারণ ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে যারা জীবিত রয়েছেন তাদেরকে আমরা খুঁজছি যথাযথ সম্মান জানাতে।”

লিফশুলজ মুক্তিযুদ্ধের সময়ে হংকংভিত্তিক ফারইস্টার্ন ইকোনমিক রিভিউয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন।

লিফশুলজের লেখা ‘বাংলাদেশ : দ্য আনফিনিশ্ড রেভ্যুলেশন’ বইটি সামরিক শাসনামলে বেশ ক’বছর এদেশে নিষিদ্ধ ছিল। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং ইয়েল ও ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষা গ্রহণকারী  লিফশুলজ তার ওই গ্রন্থের বাংলাদেশ সংস্করণ প্রকাশ করতে যাচ্ছেন চলতি বছরই।

জেটলিন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘এডিটরিয়াল রিসার্চ এবং রিপোর্টিং অ্যাসোসিয়েটস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সংবাদ সংস্থা এপির ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

একাত্তরের ২৫ মার্চ বাঙালি নিধন শুরুর আগে বিদেশি সাংবাদিকদের ঢাকা থেকে বের করে দেয় পাকিস্তান সরকার। ওই নির্দেশ উপেক্ষা করে জেটলিন রয়ে যান ঢাকায় এবং হত্যাযজ্ঞের খবর পাঠান তিনি।