২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কদমতলী এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ভাষানটেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 05:57 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

কদমতলীতে নিহত যুবকের নাম মো. শফিউল্লাহ (২৪)। প্রেম সংক্রান্ত বিরোধে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যদের ধারণা।

রোববার সকালে কদমতলীর জাপানি বাজার সংলগ্ন স্মৃতিধারা এলাকার ৪ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে শফিউল্লাহর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয় ।

তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন আছে জানিয়ে কমদতলী থানার উপপরিদর্শক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনে হচ্ছে, ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

শফিউল্লাহর খালাত ভাই হাবিবুর রহমান সাঈফ বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, একই এলাকার এক মেয়ের সঙ্গে শফিউল্লাহর প্রেম ছিল। রোববার সকালে তাদের দেখা হওয়ার কথাও ছিল।

লাশ যেখানে পাওয়া গেছে, ওই ভবনের ষষ্ঠতলায় ওই তরুণীর পরিবার থাকে বলে জানান সাঈফ।

তিনি বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে ওই মেয়ে বাড়ি থেকে বেরিয়ে শফিউল্লাহর বন্ধু চয়ন, অরিন, রাসেল, সাদি ও বাবুকে জানায়, শফিউল্লাহকে কুপিয়ে আহত করেছে তার ছোটভাই।”

শফিউল্লাহকে ‘বাঁচাতে’ সে বন্ধুদের সাহায্য চেয়েছিল বলেও দাবি করেন সাঈফ।

“তবে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই পুলিশ চলে আসে। তখন সবাই জানতে পারে শফিউল্লাহ বেঁচে নেই।”

এ বিষয়ে উপপরিদর্শক আবু তাহের বলেন, “পুলিশের সঙ্গে নিহতের পরিবারের কেউ এখনো যোগাযোগ করেনি। তাদের সঙ্গে কথা হলে এ ব্যাপারে আরো জানা যাবে।”

ভাষানটেক এলাকার রুপালী হাউজিংয়ের ১৬০/সি নম্বরের একটি নির্মাণাধীন বাড়ির পঞ্চম তলা থেকে সকালে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

ভাষানটেক থানার ওসি হোসনে আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে পানির ট্যাঙ্কের সঙ্গে গলায় দড়ি দিয়ে মৃতদেহটি ঝুলছিল।”

মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।