২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত প্রাঙ্গণে মির্জা আব্বাসের ধূমপান

নাশকতার মামলায় ঢাকার হাকিম আদালতে জামিন শুনানির আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালত প্রাঙ্গণে ধূমপান করতে দেখা গেছে বলে জানিয়েছেন কয়েকজন আইনজীবী ও সাংবাদিক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিন বাতিল করে দেয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফখরুল ও সালাম শুনানির জন্য আদালতে আসেন বেলা ১১টার দিকে। এজলাসে ঢুকে তারা বেঞ্চে বসেন।

এর আধ ঘণ্টা পর উদ্বিগ্ন আব্বাসকে ধূমপান করতে করতে এজলাসের দরজায় পৌঁছাতে দেখা যায় বলে সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “আদালত কক্ষের দরজাতেও তার হাতে সিগারেট ছিল।”

সেখানে উপস্থিত অন্য আইনজীবী ও সাংবাদিকরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানান, আদালত কক্ষের দরজায় আইনজীবী ও পুলিশের জটলা ঠেলে এজলাসে ঢুকে আসনে বসেন মির্জা আব্বাস।

এর আগে গত ২৭ জানুয়ারি সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বসে প্রকাশ্যে ধূমপান করে তীব্র সমালোচনার মুখে পড়েন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।

গণমাধ্যমে সেই ছবি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ব্যাপক সমালোচনার মুখে সংবাদ সম্মেলন করে ক্ষমাও চান মন্ত্রী।

হরতাল-অবরোধে পেট্রোল বোমা ছুড়ে বাংলামোটরে পুলিশ হত্যা এবং মালিবাগ ও পরীবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার তিনটি মামলায় গত ২০ জানুয়ারি হাই কোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান মির্জা আব্বাস।  পরে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গত ৯ মার্চ ওই জামিন বাতিল করে দেয়।

রোববার হাকিম আদালতে আত্মসমর্পণ করে আব্বাস জামিন চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠান।