কুষ্টিয়ায় নসিমন উল্টে নিহত ১
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নসিমন উল্টে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার কাতলামারী এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলেজান খাতুন (৪২) কাতলামারীর বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, সকালে বেলেজান খাতুনসহ চারজন চিকিৎসার জন্য মেহেরপুরের গাংনীতে যাচ্ছিলেন। নসিমনটি কাতলামারী ব্রিজের কাছে আসলে সড়কে গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে নসিমনের পাঁচ আরোহী আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলেজান খাতুনকে মৃত ঘোষণা করেন।
