২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের হল উদ্ধারের দাবিতে শহীদ মিনারে সমাবেশ

বেদখল হল উদ্ধারসহ ছয় দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 03:38 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের’ আয়োজনে রোববার বেলা ১১টার দিকে তাদের এই সমাবেশ শুরু হয়।

পূর্বঘোষিত মহাসমাবেশ উপলক্ষে সকাল ৮টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।

প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক নাজমুল আহসান কলিমউল্লাহ সমাবেশে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

নতুন হল নির্মাণ আর পুরানো হলগুলো উদ্ধারের দাবিতে রোববার সড়ক অবরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নতুন হল নির্মাণ আর পুরানো হলগুলো উদ্ধারের দাবিতে রোববার সড়ক অবরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা

নতুন হল নির্মাণ আর পুরানো হলগুলো উদ্ধারের দাবিতে রোববার সড়ক অবরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমাবেশ থেকে দাবি আদায়ে আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়।

ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, “হল পুনরুদ্ধারসহ ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে আগামী বুধবার থেকে লাগাতার ছাত্র ধর্মঘট হবে।”

বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলসহ অবৈধ দখলে থাকা ছাত্রাবাসগুলো উদ্ধারের দাবিতে গত মাসের শুরুতে নতুন করে আন্দোলনে নামে জগন্নাথের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঢাকা-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ২০০০ সাল থেকে তিব্বত হল দখল করে রেখেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও ছাত্রদের সঙ্গে আন্দোলনে রয়েছে। তবে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম এক শিক্ষককে লাঞ্ছিত করায় এদিন সমাবেশে যোগ দেয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা।