জবি ছাত্রলীগের সম্পাদক বহিষ্কার
শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহমেদ স্বাক্ষরিত বিপ্তপ্তিতে বলা হয়, ১৩ মার্চ রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলমকে লাঞ্ছিত করার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের ছাত্র এস এম সিরাজুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র শামীম আহমেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ছাত্র শ্যামন মোল্লাকে ‘কেন তার সার্টিফিকেট বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সিরাজুল , শামীম রেজা ও শ্যামন মোল্লার বিরুদ্ধে রাতে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মামলা করেছে বলে ওসি কে এম ফিরোজ জানান।
২০১৩ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় একটি কমনরুমের জন্য পাঁচ লাখ টাকার আসবাবপত্র ক্রয়ের টেন্ডার আহ্বান করা হয়েছিল। তৎকালীন ছাত্রকল্যাণ পরিষদের পরিচালকের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আলম।
গত বৃহস্পতিবার বিকালে সৈয়দ আলমকে অস্ত্র ঠেকিয়ে ওই টেন্ডারের নথি চান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম ও ছাত্রলীগ কর্মী শ্যামন মোল্লা।
অস্ত্রের মুখে তিনি বর্তমান ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদকে মোবাইল ফোনে ডকুমেন্ট দিতে বলতে বাধ্য হন বলে শিক্ষক সমিতির কাছে অভিযোগ করেন সৈয়দ আলম।
এর আগে ২০১৩ সালের ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করেছিল জবি ছাত্রলীগ। এঘটনার পর ২০ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগ জবি ছাত্রলীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে।
