ত্রিশালে ডাকাত সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহের ত্রিশালে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে ত্রিশালের কালীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, “ওই তিন জন কালীরবাজার এলাকায় রাস্তায় পথচারীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয়ার সময় এলাকাবাসী ধরে তাদের পিটুনি দেয়।”
এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে জানান তিনি।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানাতে পেরেছে পুলিশ।
তারা হলেন- কামাল (৩০) ও সাইফুল (৩৫)। অন্যজনের নাম ও পরিচয় জানা যায়নি।
নিহতদের লাশ ত্রিশাল থানায় রয়েছে বলে ওসি ফিরোজ জানিয়েছেন।
