সিলেটে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট এলাকায় এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জুনেদ মিয়া (২৮) খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং বিশ্বনাথ উপজেলার গমরাকুল গ্রামের আকদ্দছ আলীর ছেলে।
আহত মো. রাসেল আহমদ একই ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং গমরাকুল গ্রামের আবদুর রউফের ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, ছাত্রদলের দুই নেতা মোটর সাইকেলে করে বিশ্বনাথ থেকে সিলেট নগরীতে আসছিলেন।
দক্ষিণ সুরমার লালাবাজারের কাছে আসার পর দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জুনেদ মিয়া। গুরুতর আহত হন রাসেল।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্দের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
