২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির উৎসবে সম্প্রীতির দেশ গড়ার শপথ

সবার সম-অধিকার ও সম্প্রীতির স্বদেশ গড়বার প্রত্যয় নিয়ে ধর্মান্ধ ও সাম্প্রদায়িক সহিংসতা রুখে দেয়ার শপথ নিল শিশু-কিশোররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 03:34 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘মুক্তির উৎসব’- এই শপথের আয়োজন হয়।

ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে শপথ পড়ান ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।

জনপ্রিয় লেখক ও অধ্যাপক মুহম্মাদ জাফর ইকবাল শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেন, “আজ আমাদের মতো বয়সীদের ব্যাটারির চার্জ ফুরিয়ে আসছে। কিন্তু যখন তোমাদের মতো ছেলে-মেয়েদের মধ্যে লাল-সবুজের রঙে আমাদের জাতীয় পতাকা দেখতে পাই, তখন আমাদের চার্জ সঞ্চারিত হয়।”

দেশের দায়িত্ব নেয়ার জন্য শিশুদের যোগ্য হয়ে বেড়ে ওঠার আহ্বান জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

তিনি বলেন, “তোমাদের মতো ছেলে-মেয়েদের সংখ্যা আমাদের দেশে যতো, বিশ্বের অনেক দেশের জনসংখ্যাই ততো না। তাই তোমরা যদি শিক্ষিত হয়ে দেশকে ভালোবাসো, একদিন ইউরোপ-আমেরিকার ছেলে-মেয়েরা তোমাদের কাছে শিখতে আসবে।”

স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ব্যাক্তিপর্যায়ে সবার সহযোগীতায় ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ঠিকানা গড়ে তোলার উদ্যোগ নেয়ায় অর্থমন্ত্রী আবুল মাল অব্দুল মুহিত অনুষ্ঠানে জাদুঘরের ট্রাস্টিদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে ট্রাস্টিরা মহান এক দায়িত্ব পালন করছেন।”

মুক্তিযুদ্ধ জাদুঘরের আট স্থায়ী ট্রাস্টি ড. সারওয়ার আলী, আলী জাকের, রবিউল হুসাইন, জিয়াউদ্দিন তারেক আলী, আসাদুজ্জামান নূর, মফিদুল হক এবং আক্কু চৌধুরী ১৯৯৬ সালে স্থায়ী মুকিযুদ্ধ জাদুঘর নির্মাণের এই পরিকল্পনা করেন। এর স্লোগান ঠিক করা হয়- ‘আমাদের জাদুঘর আমরাই গড়ব।’

অর্থমন্ত্রী অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে অংশ নেয়ার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, শিশুরাই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেবে। তাই তাদের মুক্তিযুদ্ধে চেতনা নিয়ে বড় হতে হবে।

“এই চেতনা ধরে রাখতে অস্ত্রের প্রয়োজন হবে না। মনের ইচ্ছাটাই বড় অস্ত্র। এই অস্ত্র থাকলে অন্য অস্ত্রের দরকার হবে না। আমাদের মুক্তিযোদ্ধারা তোমাদের মাঝে যে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন, তা তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাও।”

ঢাকার বিভিন্ন স্কুল থেকে আসা সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রণে এ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শিল্পী মিতা হক, ফেরদৌসী আরা, সোলসের পার্থ বড়ুয়াসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।