নারায়ণগঞ্জে ঝুট-গুদামে আগুন, ব্যাপক ক্ষতি
নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন লেগে তা ছড়িয়ে পড়ায় ২৬টি গুদামসহ বসতঘর ও কারখানা পুড়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় আগুন লাগলে দমকল বাহিনীর ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ২৬টি ঝুটের গুদাম, ৪টি বসতঘর, ৩টি তুলা কারখানা এবং ১০টি চায়ের দোকান পুড়ে সম্পূর্ণ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম জানান, দুপুর ২টার দিকে পোশাক কারখানার পরিত্যক্ত কাটা কাপড়ের (ঝুট) গুদামে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০জন। তাদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মমতাজউদ্দিন জানান, মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ৬টি ইউনিট সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, তুলার কারখানার মেশিন থেকে আগুন লাগতে পারে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
