২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় আ. লীগ সমর্থিত ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংর্ঘষ

ফরিদপরের ভাঙ্গায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এবং দলটির বিদ্রোহী’ প্রার্থীর সর্মথকদের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 04:41 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃস্পতিবার সকালে হাজরাহাটি গ্রামের এই সংঘর্ষে আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষস্থল থেকে দেশীয় অস্ত্রসহ সাহেব আলী খয়রাতী নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি দো. দাদন ফকির।

আগামী ১৫ মার্চ তৃতীয় দফায় উপজেলা নির্বাচনে ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন জাকির হোসেন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে একই পদে প্রার্থী হয়েছেন শাহাদাৎ হোসেন।

স্থানীয়রা জানায়, জাকির ও শাহদাতের সমর্থকদের মধ্যে বুধবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে হাতাহাতি হয়। তার জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়ায়।

ওসি দাদন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ইট ও লাঠির আঘাতে তিনিসহ পাঁচ পুলিশ আহত হয়েছেন। এছাড়াও দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

ওসি ছাড়া আহত অন্য পুলিশ সদস্যরা হলেন- এসআই লিয়াকত হোসেন ও মুজিবুর রহমান, দুই কনস্টেবল নজির ও আবুল কাশেম। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত অন্যদের মধ্যে ১০ জনকে ভাঙ্গা হাসপাতালে এবং দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।