২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে সংঘর্ষের ঘটনায় ২ বাংলাদেশি গ্রেপ্তার

উত্তরপূর্ব সিঙ্গাপুরে মারামারির ঘটনায় দুই বাংলাদেশি ও দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 11:45 AM

Updated : 01 Sep 2026, 12:36 PM

গত রোববার রাতে সিঙ্গাপুর পোস্ট সেন্টারের কাছে পায়া লেবারে ওই ঘটনা ঘটে বলে স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গ্রেপ্তার দুই ভারতীয় সিকান্দার সিং (২৭) ও রমনদীপ সিংয়ের (২৮) বিরুদ্ধে অজ্ঞাতপরিচয়ের এক বাংলাদেশিকে মারধরের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া বাংলাদেশি নাগরিক কামরুল হাসান (২৮) ও মো. রমজান সিকদার রনিকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয়কে মারধরের অভিযোগে।

পুলিশ ঘটনাস্থল থেকে কাঠের তক্তা ও ভাঙা বিয়ারের বোতল উদ্ধার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সিঙ্গাপুরের আইন অনুযায়ী জরিমানার পাশাপাশি সাতবছরের সাজা ভোগ করতে হবে তাদের।

পুলিশ জানিয়েছে, দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করেই মারামারির এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সন্দেহভাজন অন্যদের গ্রেপ্তারেও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত বছরের ডিসেম্বরে বাস চাপা পড়ে এক ভারতীয়র মৃত্যুর জের ধরে সিঙ্গাপুর সিটির ‘লিটল ইন্ডিয় এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে, যাকে গত ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসাবে আখ্যায়িত করা হয়েছিল।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৩ জন বিদেশি শ্রমিককে বহিস্কার করে সিঙ্গাপুর সরকার, যাদের মধ্যে ১ জন বাংলাদেশি এবং ৫২ জন ভারতীয় ছিলেন।