রাবিতে স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
পঞ্চম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা থেকে ১০ জন শিক্ষার্থী জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের জন্য মনোনীত হন।
সকাল ৯টায় দ্বিতীয় বিজ্ঞান ভবনে পঞ্চম আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুল লতিফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক শওকত আলী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল আলী উপস্থিত ছিলেন।
বিকালে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সমাপনী অনুষ্ঠানে অলিম্পিয়াডের বিভিন্ন পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
