পুরান ঢাকায় গাড়ির ধাক্কায় নিহত ১
সন্তানকে নিয়ে স্কুলে যাওয়ার পথে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন এক ব্যক্তি।
বুধবার সকালের এই ঘটনায় নিহত ব্যক্তির নাম শাহ জামাল (৪৩)। গাড়ির ধাক্কায় তার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র সাকিবও আহত হন।
এ ঘটনায় সন্ধ্যায় বংশাল থানায় একটি মামলা করেছেন নিহতের বড় ভাই রমজান আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামাল তার ছেলেকে নিয়ে রিকশায় সেন্ট গ্রেগরি স্কুলে যাচ্ছিল। তাঁতীবাজার মোড়ে মহানগর পরিবহনের একটি হিউম্যান হলার রিকশার পেছনে ধাক্কা দিলে বাবা-ছেলে দুজনই আহত হন।
পথচারীরা দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিলে জামালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
হাসপাতাল থেকে সাকিবকে রাতে কেরানীগঞ্জের আমবাগিচায় তাদের বাসায় আনা হয়েছে বলে রমজান জানান।
জামাল ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) খোদা নেওয়াজ বলেন, এ ঘটনায় ওই হিউম্যান হলারের চালক রিপনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
