কর্মচারীদের কর্মবিরতিতে অচল চট্টগ্রামের আদালত
আইনজীবীদের বিরুদ্ধে এক বেঞ্চ সহকারীকে মারধরের অভিযোগ তুলে কর্মচারীদের ডাকা কর্মবিরতিতে চট্টগ্রামের ২১টি আদালতে বুধবার কোনো বিচার কাজ হয়নি।
দিনভর কর্মবিরতির পর বিকালে কর্মচারীরা তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। সারাদিনে কোনো কাজ না হওয়ায় বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন।
এদিকে কর্মচারীদের কর্মবিরতি নিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজের সঙ্গে বিকালে বৈঠক করেন আইনজীবী সমিতির নেতারা।
মঙ্গলবারের ওই ঘটনা তদন্তে মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ও কর্মচারী উভয় পক্ষের সঙ্গে কথা বলবেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন বিচারকের উপস্থিতিতে মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের সঙ্গে আমরা বৈঠক করেছি।
“মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের নেতৃত্বে মুখ্য বিচারিক হাকিম ও দুইজন জ্যেষ্ঠ বিচারককে নিয়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।”
রশিদ বলেন, “বৈঠকের পর কর্মচারীদের সঙ্গে কথা হয়েছে। তারা বৃহস্পতিবার সকাল থেকে অফিস করবেন।”
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার বিষয়ে জানতে কমিটি করা হয়েছে।
“আইনজীবী নেতারা বিচারকদের কাছে সকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলেও শুনেছি। তাই আমরা কর্মসূচি আপাতত স্থগিত করেছি।”
কর্মবিরতির কারণে মহানগর দায়রা জজ আদালতের ১৩টি এবং মহানগর হাকিম আদালতের আটটিসহ মোট ২১টি আদালতে কোনো বিচার কাজ হয়নি।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, দুপুর ১২টায় বিচার কক্ষগুলোর তালা খুলে দেয়ার পর বিচারকরা এজলাসে যান। কিন্তু বেঞ্চ সহকারীরা না থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়নি।
মঙ্গলবার মহানগর সপ্তম যুগ্ম জজ আদালতের বেঞ্চ সহকারী রেফায়েত উল্লাহকে আইনজীবীরা মারধর করেন এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকে কর্মবিরতিতে যায় চট্টগ্রাম আদালত জজ শিপ কর্মচারী কল্যাণ পরিষদ।
এসময় ওই ২১টি আদালত কক্ষে তালা ঝুলিয়ে দেন কর্মকর্তা-কর্মচারীরা। আইনজীবীদের সঙ্গে বৈঠকের পর দুপুর ১২টার দিকে তালা খুলে দেন কর্মকর্তারা।
তবে এর মধ্যে জেলা জজ আদালত, দ্রুত বিচার ট্রাইবুন্যাল, নারী ও শিশু আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালতসহ আন্যান্য আদালতের কার্যক্রম স্বাভাবিক ছিল।
এদিকে বুধবার সকালে কর্মবিরতি চলাকালে এর বিরুদ্ধে আদালতে আলাদা আলাদা মিছিল করেন আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা।
তখন মহানগর দায়রা জজ আদালতের খাস কামরায় সমঝোতা বৈঠক চলছিল। এসময় কক্ষে প্রবেশ করতে না পারা আইনজীবীদের খাস কামরার দরজায় ধাক্কা দিতে দেখা যায়।
এক পর্যায়ে পুলিশ বাঁশি বাজিয়ে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে আইনজীবীরা উত্তেজিত হয়ে ওঠে। পরে জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
