২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমদীঘিতে ব্যাংকের টাকা লুট: আটক আরো ৫

বগুড়ার আদমদীঘিতে সুরঙ্গ কেটে সোনালী ব্যাংকের লুট হওয়া টাকা এখনো উদ্ধার হয়নি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 08:11 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

এদিকে বুধবার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরো পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে আটকরা হলেন ব্যাংকটির ঋণ শাখার কর্মচারী তোজাম্মেল হক, রেজিস্ট্রি অফিসের কর্মচারী মজিবর রহমান, ওয়েল্ডিং মিস্ত্রী বিপ্লব, শিশু শ্রমিক বরিউল ইসলাম ও ট্রাক চালক নয়ন হোসেন।

এর আগে মঙ্গলবার রাতে আটক হন শাহাদত হোসেন, তার স্ত্রী আফরোজা বানু ও আশরাফ আলী।

গত শনিবার বিকালে আদমদীঘি বাসস্ট্যান্ডের কাছে একটি ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে সংলগ্ন সোনালী ব্যাংকের শাখা থেকে টাকা লুটের বিষয়টি ধরা পড়ে।

বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করার সময় ভল্টে ৩২ লাখ ৫১ হাজার ৬৮৭ টাকা ছিল। লুটের পর ভল্টের আশপাশ ও সুড়ঙ্গের ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় এক লাখ ৭২ হাজার ১৮৪ টাকা পাওয়া যায়।

এ ঘটনায় এ পর্যন্ত ব্যাংটির পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের আটকে সহায়তার জন্য বগুড়ার পুলিশ সুপার একলাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

এর আগে ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের অফিসে সুড়ঙ্গ খুড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়। দুদিনের মাথায় এই চুরির মূল হোতা সোহেল ওরফে হাবিবসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছ থেকে চুরির ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।