২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলার পরবর্তী শুনানি এপ্রিলে

বসন্তকালীন ছুটির কারণে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানি চলতি মাসে আর হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 07:13 PM

Updated : 22 Aug 2022, 05:52 PM

বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের বেঞ্চ সুপ্রিম কোর্টের বসন্তকালীন ছুটির পরবর্তী শুনানির সময় রাখে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। তাকে সহায়তা করেন মো. ইকরামুল হক টুটুল।

বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর আগামী ১৬ মার্চ থেকে শুরু হওয়া এই বসন্তকালীন অবকাশ শেষে আদালত খুলবে ১ এপ্রিল।

ইকরামুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাঈদীর এই মামলা আদালত বন্ধের পর শুনানির জন্য রেখেছে। আদালত খোলার পর এই শুনানি হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষের আর কতদিন লাগবে- জানতে চাইলে তিনি বলেন, “এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমরা বলার পর আসামিপক্ষ হয়তো প্রতি উত্তর দেয়ার সুযোগ পাবে। এরপর আদালত রায়ের জন্য রাখতে পারে।”

সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করার আমরা জবাব দেব। আমাদের সাত দিনের মতো সময় লাগবে।”

গত ২৫ ফেব্রুয়ারি থেকে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। এর আগে আসামিপক্ষে এসএম শাহজাহান বক্তব্য রাখেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনা ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার দুটি অভিযোগে সাঈদীকে ওই মৃত্যুদণ্ড দেয়া হয়।

আরো ছয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হলেও অন্য অভিযোগে ফাঁসির আদেশ হওয়ায় সেগুলোতে কোনো দণ্ড দেয়নি আদালত।

এই রায়ের বিরুদ্ধে গত ২৮ মার্চ আপিল করেন সাঈদী। অন্যদিকে প্রমাণিত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে এই জামায়াতনেতার শাস্তি চেয়ে আপিল করে প্রসিকিউশন।

গত ২৪ সেপ্টেম্বর এই মামলার আপিল শুনানি শুরু হয়। প্রথমে আসামিপক্ষ রায়, সাক্ষ্য ও জেরা উপস্থাপনের পর গত ২৯ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

এছাড়া ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও আপিলে ‘পূর্ণ ন্যায়বিচার’ চাওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর এ মামলার আপিল শুনানি শুরু হয়।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ আসে। পলাতক থাকায় তিনি এর বিরুদ্ধে আপিল করতে পারেননি।

৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট গত ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে কাদের মোল্লাকেও মৃত্যুদণ্ড দেয়। ১২ ডিসেম্বর ওই দণ্ড কার‌্যকর হয়।

তৃতীয় রায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর মানবতাবিরোধী অপরাধের বিচারের আরো ছয়টি রায় দেয়া হয়।