সুপ্রিম কোর্ট বার নির্বাচন : প্রথম দিনে ভোট দিলেন ১৬৮১ জন
নতুন নেতা বেছে নিতে দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের ১৬৮১ জন ভোট দিয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৫৪ জন ভোটার। ভোটগ্রহণ বৃহস্পতিবারও হবে।
প্রথম দিন ভোটগ্রহণের পর বুধবার বিকালে নির্বাচন উপ-কমিটির আহ্ববায়ক মো. নূর হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আজ মোট ১৬৮১ জন আইনজীবী ভোট দিয়েছেন।”
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে বিরতি।
প্রতিবারের মতো এবারো এই নির্বাচনে প্রধান দুই রাজনেতিক দলের সমর্থক আইনজীবীদের দুটি প্যানেল মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
এবার সভাপতি পদে চারজন, দুই সহ-সভাপতি পদে চারজন, সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে তিনজন, দুই সহকারী সম্পাদক পদে পাঁচজন এবং সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে প্রার্থী হয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। সম্পাদক পদের প্রার্থী হিসাবে তার সঙ্গে আছেন সাবেক ছাত্র নেতা রবিউল আলম বুদু।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল ) এবার সভাপতি পদে প্রার্থী করেছে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে। সম্পাদক পদে লড়ছেন বর্তমান সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
সভাপতি পদে দুই প্যানেলের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী আব্দুল মমিন চৌধুরী ও মো. ইউনুস আলী আকন্দ। সম্পাদক পদে লড়ছেন আবু ইয়াহিয়া দুলাল।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে আবুল খায়ের ও হোসনেয়ারা বেগম; কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন; সহকারী সম্পাদক পদে মো. হাবিবুর রহমান দুলাল ও শেখ সিরাজুল ইসলাম সেরাজ।
সদস্য পদে সাদা প্যানেল থেকে প্রার্থী হয়েছেন- একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাশগুপ্ত, ফিরোজ আলম, গুলশানা বিনতে জামান, মো. আব্দুল আজিজ মিয়া (মিন্টু), মো. নওশের আলী মোল্লা, সালমা হাই তুনি।
অন্যদিকে বিএনপিজোট সমর্থিত নীল প্যানেলের অপর প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে মো. খালেদ আহমেদ ও রফিকুল ইসলাম মেহেদি; কোষাধ্যক্ষ পদে মাসুদ আহমেদ সাইদ; সহকারী সম্পাদক পদে একেএম রেজাউল করিম খন্দকার ও নাসরিন আক্তার।
সদস্য পদে এ প্যানেল থেকে প্রার্থী রয়েছেন- আফসানা রশিদ শুভ্রা, মো. আসাদুজ্জামান আনসারী, মো. জাহাঙ্গীর জমাদার, মো. মোস্তফা কামাল, মোহাম্মদ আইয়ুব আলী, সালমা বেগম ও শামীমা আক্তার বানু।
দুই প্যানেলের বাইরে সহকারী সম্পাদক পদে এবিএম শফিকুল ইসলাম বিপ্লব, কোষাধ্যক্ষ পদে মো. আবুল হোসেন, সদস্য পদে মো. আবুল কালাম আজাদ, মো. হাবিবুর রহমান হাবিব প্রার্থী হয়েছেন।
গত নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পায় বিএনপিপন্থী আইনজীবীরা।
সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী সভাপতি এবং সাবেক সাংসদ মাহবুব উদ্দিন খোকন সম্পাদক হিসাবে গত এক বছর সমিতির নেতৃত্ব দেন।
তার আগের বার সভাপতি পদে বিএনপির জয়নুল আবেদীন জয়ী হলেও সম্পাদকসহ অধিকাংশ পদে জয় আওয়ামী লীগ সমর্থকরা। তার আগের দুই বার বিএনপি সমর্থকরাই অধিকাংশ পদে জয়ী হয়।
তবে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গত কয়েক দশকের অধিকাংশ সময় এই বারে নেতৃত্বে ছিল।
