রংপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ
রংপুর শহরে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বুধবার বেলা ১০টায় সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কামাল কাছনা এলাকা থেকে সুমা খাতুনের (২৭) লাশ উদ্ধার করা হয়।
সুমা ওই এলাকার জাহাঙ্গীর আলম রাশেদের (৩৫) স্ত্রী।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, লাশের মুখে বালিশ চাপা দেয়া ছিল। ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়েই সুমাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে রাশেদ পলাতক তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
রাশেদের বাবা মগরেব মিয়া বলেন, রাশেদ মাদকাসক্ত।বছর দুয়েক আগে সে আরেকটি বিয়ে করে অন্যত্র থাকে।
“মঙ্গলবার রাত ১১টার দিকে রাশেদ মাতাল অবস্থায় বাড়িতে আসে। মধ্যরাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধরও করে। সকাল ৯টায় সুমাকে দেখতে না পেয়ে ঘরে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেই।”
