২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকা চেয়ারম্যান ফারুককে গ্রেপ্তারে পরোয়ানা, পরে প্রত্যাহার

কর্মচারীর অর্থ আত্মসাতের মামলায় প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মৌখিক আদেশ দিলেও পরে প্রত্যাহার করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 05:11 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

ফারুকের অনুপস্থিতে মঙ্গলবার দুপুরে পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক।

তার সঙ্গে প্রশিকার সাবেক প্রধান নির্বাহী খাজে আলম, উপ-পরিচালক (কল্যাণ তহবিল) মো. আলমগীর হোসেন এবং তিন পরিচালক আবুল কাশেম পলাশ, মাহবুব আলম ও আলতাফ হোসেন তালুকদারের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ হয়।

তবে বিকালে আদালতের লিখিত আদেশে দেখা যায়, কাজী ফারুকসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়নি।

তবে খাজে আলম, আলমগীর ও আলতাফের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ রয়েছে।

এই বিষয়ে ওই আদালতের পেশকার মো. রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজী ফারুকসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন না আসায় তাদের বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহার করা হয়।”

২০১৩ সালের ১০ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন প্রশিকার সাবেক কর্মচারী মো. কামরুল ইসলাম।

বাদীর আইনজীবী মো. ওবায়দুল হক বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর মামলা দায়েরের পরপরই এর তদন্ত করে রূপনগর থানা কর্তৃপক্ষ। তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতিবেদন জমা দেয় তারা।

প্রশিকার তৎকালীন জ্যেষ্ঠ মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) ও কম্পিউটার অপারেটর কামরুল তার আরজিতে বলেন, ২০০৮ সালে জুনে তিনি প্রশিকার চাকরি ছাড়েন। ওই সময় পরিচালক ফারুক তাকে কথা দেন তিন মাসের মধ্যে তার পাওনা ১ লাখ ৪৫ হাজার ৩৮৬ টাকা দেয়া হবে।

২০১১ সালে ৪৫ হাজার টাকা দিলেও বাকি টাকা আর পাননি বলে কামরুলের অভিযোগ।

কামরুল বলেন, মামলা দায়েরের অনেক আগে দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায় এবং তার অস্ত্রোপচার হয়। এসব কারণে জরুরি ভিত্তিতে তার টাকার দরকার, প্রশিকায় একথা বলার পরও তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়।