বরিশালে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ২
বরিশাল সদর উপজেলায় একটি মোটরসাইকেল খাদে পড়ে দুই আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরমোনাই এলাকায় মোল্লা বাড়ির সামনে বিশ্বাসের হাট-রাজারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চরমোনাই এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে ও মোটরসাইকেল চালক মো. বশির (২৫) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে মো. নওশাদ (৪০)।
বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, বিশ্বাসের হাট থেকে রাজারচর যাচ্ছিলেন তারা। পথে অন্য একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে একটি গাছের উপর আছড়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই নিহত হয় নওশাদ। আর হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বশিরের।
