ট্রেন-মিনিবাস সংঘর্ষ: পূর্ব রেলের তদন্ত কমিটি
চট্টগ্রামের চাঁদগাঁওয়ে ট্রেন-মিনিবাস সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনায় চার পোশাক শ্রমিক নিহত হন, আহত হন আরো বেশ কয়েকজন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) এস এম মুরাদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে গঠিত ওই কমিটিকে ‘দ্রুততম সময়ে’ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন- পূর্ব রেলের বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমান, বিভাগীয় যন্ত্র প্রকৌশী (লোকো) মো. কামরুজ্জামান, বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. কামরুজ্জামান ও কমান্ড্যান্ট (এনআরবি) আবদুর রহমান।
এছাড়া পূর্ব রেলের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের আরেকটি তদন্ত কমিটি করার প্রক্রিয়া চলছে বলে মুরাদ হাসান জানান।
পূর্ব রেলের কয়েকজন কর্মকর্তা জানান, দোহাজারী থেকে ট্রেনটি ভোর পাঁচটায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। চট্টগ্রাম-দোহাজারী লাইনে সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে ট্রেনটি জানালিহাট স্টেশন ছেড়ে আসে। ওই সময় ট্রেনটির গতি স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকায় দুর্ঘটনা ‘আরো ভয়াবহ’ রূপ নেয়নি বলেও তারা মনে করছেন।
সকাল ৮টা ১০ মিনিটে বাহির সিগন্যাল রেল ক্রসিংয়ে পোশাক শ্রমিকদের বহনকারী একটি মিনিবাস ওই ট্রেনের সামনে পড়ে যায়।
ট্রেনের ধাক্কায় মিনিবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তারা সবাই কালুরঘাট শিল্প এলাকার বেইজ টেক্সটাইলের শ্রমিক। মিনিবাসটি ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল।
