২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের সামনে মিনিবাস, চার শ্রমিক নিহত

চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের চার আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 10:04 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে জানালিহাট স্টেশনের কাছে ‘বাহির সিগন্যাল’ এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা বলেছেন, ট্রেন আসছে দেখেও মিনিবাস চালক দ্রুত ওই ক্রসিং পার হওয়ার চেষ্টা করতে গিয়ে এই দুর্ঘটনা ডেকে আনেন।

ঘটনার পর মিনিবাসের চালক দিদারুল আলম (৩২) পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. শহীদুল্লাহ জানান।

হতাহতরা সবাই কালুরঘাট শিল্প এলাকার বেইজ টেক্সটাইল মিলের শ্রমিক। তারা সকালে কাজের জন্য অফিসের ভাড়া করা ওই মিনিবাসে করে কারখানায় যাচ্ছিলেন।

নিহতরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার মাদারবাড়ি গ্রামের নুরুল আলমের মেয়ে ইয়াসমিন আক্তার (২২), চান্দগাঁও থানার শহীদপাড়া এলাকার মো. আজহারের স্ত্রী রিয়া আক্তার (২০) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার আবদুস সালামের স্ত্রী জুলি আক্তার (৩০) এবং চট্টগ্রামের আনোয়ারায় লাকী দেবনাথ (২৫)।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- সুজন (১৮), সুইটি আক্তার (১৬), এনাম হোসেন (২৫), শিল্পী (১৮), নমিতা রুদ্র (১৮) ও শম্পা চক্রবর্তী (২৪)।

আহত নমিতা হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি সিঅ্যান্ডবি এলাকা থেকে কারখানার শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। নারী-পুরুষ মিলিয়ে ২৫ জনের মতো যাত্রী ছিলেন তারা।

“ড্রাইভার খুব জোরে চালাচ্ছিল। ট্রেন আসতে দেখে আমরা ক্রসিং পার হতে নিষেধ করলাম। তারপরও সে লাইনে উঠে পড়ল।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাস চালক দ্রুত ওই ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে লাইনে ওঠার পরপরই তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এ সময় মিনিবাসের সামনের ডান দিকে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে এবং বাসটিকে কিছুদূর ছেঁচড়ে নিয়ে থেমে যায় ট্রেনটি।

ট্রেন থামার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মিনিবাসের পেছনের কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।

আর সংঘর্ষের আগ মুহূর্তে মিনিবাসের জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন চালক দিদারুল আলম।

চান্দগাঁও থানার এএসআই আলাউদ্দিন জানান, দিদারকে আটক করে থানায় নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর রেল, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেলের কয়েকজন কর্মকর্তা জানান, দোহাজারী থেকে ট্রেনটি ভোর পাঁচটায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। চট্টগ্রাম-দোহাজারী লাইনে সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলে।

দুর্ঘটনার কিছুক্ষণ আগে ট্রেনটি জানালিহাট স্টেশন ছেড়ে আসে। ওই সময় ট্রেনটির গতি স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকায় দুর্ঘটনা ‘আরো ভয়াবহ’ রূপ নেয়নি বলে তারা মনে করছেন।

দুর্ঘটনার খবরে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামও সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

‘বাহির সিগন্যাল’ এর ওই ক্রসিংয়ে কোনো ‘রেল গেইট’ না থাকায় তিনি বিস্ময় প্রকাশ করেন।