এসিড সন্ত্রাসের দায়ে ৩ জনের যাবজ্জীবন
রাজশাহীতে এক ব্যক্তিকে এসিড ছুড়ে হত্যা চেষ্টার মামলায় স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের উপস্থিতিতে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় দেন।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম বলেন, একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দিনা (২৬), তার প্রেমিক ওমর ফারুক (৩০) ও তার সহযোগী পালন ঘোষ (৩৫)।
মামলার বরাত দিয়ে আব্দুস সালাম জানান, ২০০৯ সালের ৩ জুলাই রাত ১২টার দিকে নগরীর রাজপাড়া থানার সায়েরগাছা এলাকার লালন উদ্দিন ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় তার দ্বিতীয় স্ত্রী দিনা আরো দুজনের সহায়তায় লালনকে এসিড ছুড়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
তিনি বলেন, সুস্থ হওয়ার পর ২০১০ সালের ১৪ ডিসেম্বর লালন বাদি হয়ে স্ত্রী দিনাসহ তিনজনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় হত্যার চেষ্টার মামলা দায়ের করেন।
