ডিনকে হামলাকারীদের বিচারে পাবনায় মহাসড়ক অবরোধ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ড. মুশফিকুর রহমানের উপর হামলাকারীদের পুলিশ ধরতে না পারায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ এবং প্রশাসনিক ভবনে তালা দিয়ে ভাইস চ্যান্সেলরকে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা।
ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ৫ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জড়িতদের ৬ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিকুর রহমাননের উপর হামলার বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা গত ৬ দিন ধরে ক্লাস বর্জন, কর্মবিরতি ও মানববন্ধন কর্মসুচি পালন করছে।
এরই এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্র্থীরা সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ এবং ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে।
পরে পুলিশী হস্তক্ষেপে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং ভবনে তালা ঝুলিয়ে দেয়।
এ সময় উপাচার্যসহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়ে।
পরে বিচারের আশ্বাস পেয়ে ২ ঘণ্টা পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
এ ব্যাপারে হামলার স্বীকার মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন হামলার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ জড়িত।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মাহাদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, জামায়াত-বিএনপি সমর্থিত শিক্ষকরা এ হামলার সাথে জড়িত।
“ঘটনার ৬ দিনেও ভিসি প্রশাসনিকভাবে পদক্ষেপ না নেয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।”
জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিততি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
