তাড়াশে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন
ভোটারদের কেন্দ্রে আসতে বাধাদান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চেয়ারম্যান পদের বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার স্থগিত হওয়া বিন্যাবাড়ি কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে সাংবাদিকের তিনি এ কথা বলেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীর বলেন, কেন্দ্রের বাইরেও পরিবেশ সুষ্ঠু রয়েছে। বাধা প্রদানের অভিযোগ সত্য নয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বরুন কুমার মণ্ডল বলেন, কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা নেই। জেলা ও সহকারী রিটার্নিং অফিসার ছাড়াও কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
“ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত কেন্দ্রের দুই হাজার নয়শ’ ৩৪ জন ভোটারের মধ্যে এক হাজার তিনশ’ ৪৬ জন ভোট দিয়েছেন।”
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল হক বলেন, এই কেন্দ্রে ৭১ সালের পর কোনো নির্বাচনে অন্য কোনো দল জয়লাভ করেনি। তাই নিশ্চিত পরাজয় জেনে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
গত ২৭ ফেব্রুয়ারি এ উপজেলার নির্বাচনের দিন সগুনা ইউনিয়নের বিন্যাবাড়ি কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ উপজেলার ৫৭টি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান ও দুটি ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা এগিয়ে রয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত আব্দুল হক (দোয়াত কলম) ৪৮ হাজার ৪ এবং বিএনপি সমর্থিত খন্দকার সেলিম জাহাঙ্গীর (আনারস) পেয়েছেন ৪৭ হাজার ৩৪০ ভোট।
