২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৩ ভাগেই মুকুল, ব্যাপক আমের আশা

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে মুকুলে ছেযে গেছে আম গাছ। চারদিকে শুধু মুকুলের সৌরভ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 04:34 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

বাগান মালিক, ব্যবসায়ী ও আম চাষিরা ব্যস্ত আম গাছের পরিচর্যায়। আবহাওয়া অনুকুলে থাকলে এ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ফলন হবে বলে তারা আশা করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক আলমপুর গ্রামের আম চাষী লুতফর রহমান জানান, তার আম বাগানে এবার মুকুল এসেছে প্রায় ৮৫ ভাগ।

আম চাষ প্রকৃতি নির্ভর হওয়ায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমের ব্যাপক ফলন আশা করছেন তিনি।

একই রকম আশা করছেন বাগান মালিক শহরের মসিউর রহমান।

এখানকার আম গবেষণা কেন্দ্র নাম বদলে হয়েছে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান ও গবেষণা কেন্দ্র।

এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দীনও প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে গত বছরের চেয়ে বেশি ফলন আশা করছেন।

হাজার কোটি টাকার আম বিক্রির এ জেলায় আমের ফলনের ওপর নির্ভর করে প্রায় ৭০ ভাগ মানুষের জীবনমান বলে জানান চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ।

ফলন ভালো হলে আম নিয়েই কেটে যায় তাদের বছরের চারটি মাস।

গত বছরের চেয়ে বেশি জমিতে যেমন এবার আম চাষ হয়েছে; তেমনই বেশি ফলনও আশা করছে এখানকার চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, এ বছর জেলায় এখন পর্যন্ত ৮৩ ভাগ আম গাছে মুকুল এসেছে।

“আবহাওয়া অনুকুলে থাকলে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে আড়াই লাখ মেট্রিক টন আম ফলতে পারে।”

এ জেলার ৫ উপজেলায় ২৪ হাজার ২৫০ হেক্টর জমিতে প্রায় ১৯ লাখ আম গাছ রয়েছে। আর গত বছর ছিল ২৩ হাজার ৮৩০ হেক্টর জমিতে ১৮ লাখ ২৪ হাজার গাছ।

গত বছর আম ধরেছিল ২ লাখ ৪১ হাজার মেট্রিক টন।

কৃষি বিভাগ জানিয়েছে, আম প্রধান অর্থকরী ফসল হওয়ায় প্রতি বছরই জেলায় আম আছ ও বাগানের সংখ্যা বাড়ছে।