৪৮ ঘণ্টার মধ্যে বুড়িগঙ্গা দখল বন্ধের নির্দেশ
রাজধানীর ফরাশগঞ্জের চরমিরেরবাগে বুড়িগঙ্গা নদী দখল করে স্থাপনা নির্মাণ বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে বলেছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বন্দর ও ট্রাফিক), কেরানীগঞ্জ থানার ওসিকে আদালতের আদেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
একই সঙ্গে ওই এলাকায় পরিবেশ আইন ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিচালককে (ইনফোর্সমেন্ট) নির্দেশ দিয়েছে আদালত।
চরমিরেরবাগে বুড়িগঙ্গা ভরাট, স্থায়ী-অস্থায়ী স্থাপনা অপসারণে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছে বেঞ্চ।
নৌ-পরিবহন সচিব, শিল্প সচিব, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (এনফোর্সমেন্ট),পরিচালক (বন্দর ও ট্রাফিক), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা জেলা প্রশাসক, কেরানীগঞ্জ থানার ওসিকে ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘থেমে নেই বুড়িগঙ্গা দখল বালু ভরাট ও স্থাপনা তৈরি’ শিরোনামের একটি প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদন করা হয়।
রিটে বাদী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।
যুগান্তরের ওই প্রতিবেদনে বলা হয়, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীতে স্থাপনা নির্মাণ, মাটি ও বালি ভরাট, খনন ও বর্জ্য দিয়ে ভরাট বন্ধে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকলেও নদীর পাড়ে স্থাপনা তৈরির কাজ বন্ধ হচ্ছে না। প্রকাশ্যে নদীর তীর দখল করে বড় বড় গাছের গুঁড়ি ও ইট-পাথরের ঢালাই দিয়ে সমানতালে স্থাপনা তৈরি করা হলেও বিআইডাব্লিউটিএ কেবল বিজ্ঞপ্তি প্রকাশ করে দায় সারছে।
