ঝালকাঠীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০
ঝালকাঠীর কাঠালিয়ায় উপজেলার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হয়েছে।
সোমবার সকালে এ সংঘর্ষের সময় ভাংচুর করা হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তরুণ সিকদারের নির্বাচনী প্রচার ক্যাম্প। চতুর্থ দফায় ২৩ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণের কথা রয়েছে।
সংঘর্ষে আহতদের স্থানীয় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ।
প্রাথমিকভাবে আহতদের মধ্যে উপজেলা শ্রমিক লীগ সভাপতি সোহরাব হোসেন ও ছাত্রলীগ উপজেলা সাধারণ সম্পাদক সম্রাট সিকদার এবং তরুণ সিকদারের কর্মী স্বপন সিকদার (৪০), মোস্তাফিজুর রহমান (৩৫), ছাত্রলীগ কর্মী বাপ্পি সিকদার (২৫) ও রাব্বি সিকদারের (২০) নাম জানা গেছে।
তরুণ সিকদার বলেন, “সকাল ১০টার দিকে উপজেলার বান্ধাঘাট এলাকায় আমার কর্মীদের ওপর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফারুক সিকদারের লোকজন হামলা চালায়। এরপর হামলাকারীরা বন্দরের মসজিদ সড়কে তার নির্বাচনী ক্যাম্পে ভাংচুর চালায়।”
কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন ভাংচুরের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলায় অফিস কক্ষের একটি টেবিলের গ্লাস ভেঙেছে। এ সময় সংঘর্ষে দুপক্ষের ৬/৭জন আহত হয়েছে।
ঘটনার পর থেকেই পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং সংঘর্ষকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি তোফাজ্জেল হোসেন।
