কবিরহাট থানায় ভাংচুর: ঘটনাস্থলে অতিরিক্ত ডিআইজি
নোয়াখালীর কবিরহাট থানায় হামলা ও ভাংচুরের চারদিন পর ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপরাধ) মাহবুবুর রহমান।
রোববার ঘটনাস্থল পরিদর্শন করার সময় প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্য ও স্থানীয় কয়েকজনের তিনি কথা বলেন।
পরে মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
বুধবার গভীর রাতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটকে রাখার খবর পেয়ে কবিরহাট থানায় হামলা ও ভাংচুর চালায় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা।
এ হামলার ঘটনায় তিন কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান কবিরহাট থানার ওসি এস এম মাহবুবুর রহমান। পরে শটগানের গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কবিরহাট থানা পরিদর্শন করেন।
এ সময় তিনি থানায় হামলা ও ভাংচুরের ঘটনার প্রত্যক্ষদর্শী ২৭ জন স্থানীয় বাসিন্দা ও পুলিশের ১৫ জনের সঙ্গে কথা বলেন।
এর আগে ও পরে তিনি হামলায় ক্ষতিগ্রস্ত থানার বিভিন্ন কক্ষসহ পুরো থানা কমপ্লেক্স ঘুরে দেখেন।
পুলিশের মধ্য থেকে অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা, কবিরহাট থানার ওসি এস এম মাহবুবুল আলম এবং হামলায় আহত তিন কনস্টেটবলের সঙ্গেও কথা বলেন।
