রাজধানীতে অস্ত্র, মাদক ও বন্যপ্রাণীর চামড়াসহ আটক ৫
রাজধানীর বনানী আবাসিক এলাকার একটি বাসা থেকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর চামড়া, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- আফসারা রশীদ, মোশাউর জোনায়েদ মোহাম্মদ সালাম, মাঈনুদ্দীন, তুষার দিপোরা ও রোখসান্দা ইয়াসমিন।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে বনানী আবাসিক এলাকার এফ ব্লকের সামনে থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকারসহ আফসারা, সালাম ও মাঈনুদ্দীনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল উদ্ধার করা হয়।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী, বনানী আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, প্রায় অর্ধশতাধিক ধারালো অস্ত্র (ছুরি, রামদা, চাপাতি) এবং একটি বাঘের, দুটি ভল্লুকের, একটি কুমিরের ও একটি একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। ওই বাসায় বিপুল পরিমাণ ইয়াবা বড়িও পাওয়া যায়।
ওই বাসা থেকে তুষার ও রোখসান্দাকে আটক করা হয় বলে জানান সহকারী কমিশনার নূর আলম।
তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
