ওপারে আরো ২ বাংলাদেশি আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তের ওপারে দুদিনের মাথায় আরো দুই বাংলাদেশি আটক হয়েছেন।
শনিবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসের নগর সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় স্থানীয় গ্রামবাসী এদের ধরে বিজিবিকে সোপর্দ করে।
তাদের সঙ্গে থাকা আরো চার জন পালিয়ে এসে রোববার এ খবর জানান।
আটকরা হলেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইদুল মিয়ার ছেলে সহিদুল ইসলাম (৪০) ও জগতবেড় ইউনিয়নের সাদেক আলীর ছেলে আব্দুল লতিফ(৩৫)।
এর আগে গত বৃহস্পতিবার আমিনুর রহমান নামে এক যুবককে আটক করে বিএসএফ। এখনো তাকে ফেরত দেয়নি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম খান বলেন, ভারতের ভেতরে ঢুকে গরু আনার সময় ভারতীয় গ্রামবাসী ওই দুইজনকে আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। সঙ্গে থাকা আরো চারজন রোববার ফিরে এসে এ ঘটনা জানান।
“আমরা কমান্ডার পর্যায়ে আলোচনা ও পতাকা বৈঠকের আহবান জানিয়েছি। ভারতের ভেতরে ধরা পড়ায় তাদেরকে ছাড়তে রাজি হয়নি বিএসএফ।”
বিজিবির পাটগ্রাম কোম্পানি কমান্ডার জোনাব আলী জানান, ভারতের কুচবিহার জেলার ফাঁলাকাটা-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা সীমান্তের ৮৬৫ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব পিলারে কাছ থেকে সহিদুল ও আব্দুল লতিফকে আটক করে নিয়ে গেছে।
