২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক বিশ্ববিদ্যালয় হলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না: মহিউদ্দিন

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে হাসপাতালের নার্স-কর্মকর্তা-কর্মচারীর কোনো ধরনের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 06:30 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সুবিধা না বুঝেই একটি ‘বিশেষ মহল’ এই প্রক্রিয়ার বিরোধিতায় নেমেছে বলে দাবি করেন তিনি।

রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন বলেন, বিশ্বমানের চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামে দেশের দ্বিতীয় মেডিক্যাল মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

“কিন্তু বিশেষ একটি মহল এতে আনন্দিত না হয়ে বিরোধিতায় নেমেছে। তারা না জেনেই এ অপতৎপরতায় লিপ্ত বলে আমাদের ধারণা। তাদের এ কর্মকাণ্ড চমেক হাসপাতালের চিকিৎসা কাজে বাধা সৃষ্টির পাশাপাশি চট্টগ্রামবাসীর মুখে চুনকালি মেখে দিয়েছে।’’

বিরোধিতাকারী স্বল্পসংখ্যক কর্মচারী অচিরেই নিজেদের ভুল বুঝতে পারবেন বলে আশা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলে কর্মচারীদের কোনো অবমূল্যায়ন হবে না। তাদের স্থায়ী চাকরিসহ সরকারি সুবিধারও কোনো ঝুঁকি তৈরি হবে না।

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিরোধিতা ছেড়ে চট্টগ্রামের জন্য এই মহান অর্জন বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় হলে ছাত্র, শিক্ষক, কর্মচারী ও নার্সসহ সকলেই উপকৃত হবেন।

বিশ্ববিদ্যালয় হলে হাসপাতাল ও কলেজের কর্মচারীরা আগের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা পাবেন বলে মত দেন একুশে পদকজয়ী এই সমাজবিজ্ঞানী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনূস, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি ডা. শেখ শফিউল আজম ও ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও ‘চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ’ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে।

বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১১ মার্চ লালদীঘিতে জনসভা আহ্বান করেছে নগর আওয়ামী লীগ।

বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ঠেকাতে গত ২ থেকে ৪ মার্চ প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করে ‘চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ’।

২ মার্চ বিশ্ববিদ্যালয় ঘোষণার পক্ষ-বিপক্ষে কলেজ ক্যাম্পাসে মিছিল সমাবেশ হয়।