২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে আ. লীগের দুপক্ষের সংঘর্ষ

উপজেলা নির্বাচনে প্রচারণা চালানোর সময় মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 07:15 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার গজারিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিদ্রোহী রেফায়েত উল্লাহ খান তোতা ও আওয়ামী লীগ সমর্থিত আমিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহত আসলাম মিয়া (২৭), শাহ-আলম (৪০), মো. দানেশ (৪৫), মো. রিগ্যান (৩০), পারভেজ আলম (৩১) ও আব্দুল গাফফারকে (৪৫) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত চলা সংঘর্ষে গজারিয়া ইউনিয়ন পরিষদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে গজারিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া থানার ওসি মামুন-অর-রশিদ জানান, শুক্রবার রাতে বালুয়াকান্দি এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতার দুইটি মাইক ভাংচুর ও মাইকম্যানকে মারধর করে অপর প্রার্থী আমিরুলের সমর্থকরা।

এ নিয়ে শনিবার দুপুরে গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।