২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সম্ভাবনা বিপুল’

কৌশলগত অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাপকতর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 01:23 AM

Updated : 22 Aug 2022, 05:51 PM

ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

‘আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে’ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিসওয়াল বলেন, এশিয়ায় গণতন্ত্র, স্বচ্ছতা ও মুক্ত বাজার অর্থনীতির বিকাশে এ অঞ্চলের ৪৩০ কোটি মানুষ উপকৃত হবে।

এর জন্য দেশগুলোর মধ্যে ব্যাপকতর অর্থনৈতিক যোগাযোগ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্য এশিয়া এবং পূর্বে বাংলাদেশ, মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ গড়ে তুলতে ভারতের পরিকল্পনায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র খুবই আগ্রহী,” বলেন নিশা দেশাই বিসওয়াল।

আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, “কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে ব্যাপকতর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে বাংলাদেশের।”

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম ভারত সফর করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিসওয়াল।

গত জানুয়ারির শুরুর দিকে নিউ ইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়ের গ্রেপ্তার নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা হিসেবে ভারত সফর করেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নয়া দিল্লিতে আমেরিকান সেন্টারে যুক্তরাষ্ট্র ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সম্ভাবনা এবং এশিয়া অঞ্চলে দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিসওয়াল।

তিনি বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাপক মাত্রায় অর্থনৈতিক যোগাযোগ স্থাপিত হলে আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাড়বে বলে যুক্তরাষ্ট্র মনে করে।

“এটা নতুন বাজার ও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সর্বোপরি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তা ভূমিকা রাখবে।”

গত ৪ থেকে ৬ মার্চ ভারত সফর করেন নিশা দেশাই বিসওয়াল।