২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ঢাকা আসছেন ওআইসি মহাসচিব

দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব আয়াদ আমিন মাদানি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার চারদিনের সফরে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি মুসলিম রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসির ১০ম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন মাদানি। এর আগে তিনি সৌদি আরবের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ওআইসির সহযোগিতা জোরদার ও সম্প্রসারিত করাই আমিন মাদানির এই সফরের মূল লক্ষ্য। তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে ওআইসি মহাসচিবের দেখা করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গেও মাদানি দেখা করবেন।