চট্টগ্রামে আগুনে পুড়েছে ৬টি দোকান
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুন লেগে পুড়ে গেছে বিভিন্ন মালামালের ছয়টি দোকান।
বৃহস্পতিবার রাত দেড়টায় উপজেলার পূর্ব গোমদন্ডী বুড়ি পুকুরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কালূরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুসুর্দী।
তিনি জানান, মধ্যরাতে লাগা ওই আগুনে গ্রিল ওয়ার্কশপ, স্টিলের আলমারি, লেপ-তোষকের দোকানসহ মোট ছয়টি দোকান পুড়ে গেছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পর শুক্রবার ভোর ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ।
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছেন দমকল কর্মকর্তা পূর্ণ চন্দ্র।
