২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া হলের মারামারির ঘটনায় ছাত্রলীগের সাতজন বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় সাতজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 11:18 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম, সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আসিফ, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু, কর্মী তপু, রিয়াদ ও আসাদ।

এছাড়া একই ঘটনায় হলের সভাপতি সভাপতি আবু সালমান প্রধান শাওন এবং সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্সকে কেন বহিষ্কার করা হবে না, তার কারণ তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুরে মধুর ক্যন্টিনে জিয়া হল ছাত্রলীগের সভাপতি শাওনের অনুসারী হলের সহ-সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক প্রিন্সের অনুসারী সহ-সভাপতি সোহাগের মধ্যে হাতাহাতি হয়।

এরপর সেখানে হলের সাংগঠনিক সম্পাদক ও সাদ্দামের বন্ধু হাসানুজ্জামান হাসু সোহাগকে মারতে উদ্যত হয়। এসময় সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের তোয়াক্কা না করে তাদের সামনেই মারামারিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

পরে বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মোল্লা এবং সাধারণ সম্পাদক ওমর শরীফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ওমর শরীফ উপস্থিত সবার সামনেই সাদ্দামকে চড় মারেন।

এর আগে গত মঙ্গলবার রাত ১টার দিকে ‘জুতা চুরির’ ঘটনাকে কেন্দ্র করে জিয়া হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সেই ঘটনাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে ঘটনাটি হাতাহাতি পর্যায়ে পৌঁছে বলে ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানিয়েছেন।