মহেশখালীতে কিশোর ‘অপহরণ’
কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক কিশোরকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
বৃহস্পতিবার উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া থেকে সন্ত্রাসীরা আশেক উল্লাহকে (১৩) তুরে নিয়ে যায় বলে জানান তার ভাই আমান উল্লাহ।
আশেক কালাগাজির পাড়া এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে।
“সকাল ১০টায় অপহরণ করা হলেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পূর্ব শক্রতার জের ধরে সন্ত্রাসী বাহিনী তার ভাইকে অপহরণ করে হত্যা করেছে এবং পাহাড়ে লাশ গুম করা হয়েছে।”
আমান আরো জানান, সন্ত্রাসী জালাল বাহিনীর লোকজন তাকে ধরে পাহাড়ে নিয়ে যায়।
এ বিষয়ে হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান এনামুল করিম জানিয়েছেন, আশেকের পরিবার ও স্থানীয় লোকজন অপহরণের বিষয়টি তাকে জানিয়েছেন। এরপর তিনি পুলিশকে খবর দেন।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশেককে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
