চেক জালিয়াতি: চট্টগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন
চেক জালিয়াতির মামলায় চট্টগ্রামের বিএনপি নেতা ও শিল্প উদ্যোক্তা শামসুল আলমসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বৃহস্পতিবার প্রায় এক ঘণ্টার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান অভিযোগ গঠন করেন।
অভিযুক্ত শামসুল আলম নগর বিএনপির সহ-সভাপতি ও মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং নুরুল আবসার তার ভাই ও গ্রুপের চেয়ারম্যান।
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনানি শেষে নুরুল আবসারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
“পাশাপাশি আরেক আসামি শামসুল আলম গত বুধবার অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।”
আসামি শামসুল আলমের বিরুদ্ধে তার অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করা হয় বলে জানিয়েছেন পিপি কামাল উদ্দিন।
আগামী ২৪ মার্চ চেক প্রতারণার এ মামলাটির পরবর্তী শুনানির দিন ঠিক করেন আদালত।
আদালত সূত্র জানায়, ইসলামী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের অংশ হিসেবে ২০১৩ সালের ১২ মার্চ ছয় কোটি ৫৭ লাখ টাকার একটি চেক দেয় এমইবি গ্রুপ।
কিন্তু পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হওয়ার পর ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখার এক কর্মকর্তা বাদি হয়ে ২০১৩ সালের ২১ জুলাই এমইবি গ্রুপের দুই কর্ণধারের বিরুদ্ধে মামলাটি করেন।
