জঙ্গিদের সঙ্গে হাত মেলালে রেহাই নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও অপরাধীদের সঙ্গে হাত মেলালে কাউকে রেহাই দেয়া হবে না।
বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে পুলিশ ব্যুরো অফ কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। জঙ্গি ও অপরাধীদের সাথে হাত মেলালে কঠোর শাস্তি পেতে হবে। যে পর্যায়ের ব্যক্তিই হোক দোষীদের রেহাই দেয়া হবে না।”
গত ২৩ ফেব্রুয়ারি পুলিশ ভ্যান থেকে দণ্ডপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশেরও যোগসূত্র ছিল বলে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারি এলো।
স্বাধীনতা বিরোধীদের নাশকতা জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াতসহ অনেকেই প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধকে স্তব্ধ করতে চেয়েছিল। তারা একাত্তরে পরাজিত হয়েছিল, এখনো পরাজিত হয়েছে।”
এর আগে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। পরে বিপিএম ও পিপিএম প্রাপ্তদের হাতে পদক তুলে দেন।
পুলিশ বাহিনীর উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, “পুলিশ বাহিনীর উন্নয়নে আমরা প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। আইন শৃঙ্খলা খাতে এই অর্থ বরাদ্দকে আমরা বিনিয়োগ হিসাবে বিবেচনা করি।
“ইতোমধ্যে পুলিশ বিভাগে ৬১৪টি ক্যাডার পদসহ ৩০ হাজার ৮৩৩টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং দুটি সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে।
“এসআই/সার্জেন্ট পদকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি এবং ইন্সপেক্টর পদকে ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণির পদে উন্নীত করা হয়েছে। আইজিপি’র পদকে সিনিয়র সচিব পদমর্যাদায় এবং দুটি গ্রেড-২ পদকে গ্রেড-১ পদে উন্নীত করা হয়েছে। এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার গঠন এবং সারাদেশে ৩০টি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। কনস্টেবল হতে এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের জন্য ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রবর্তন করা হয়েছে।”
ভাষণে পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
