ছিনতাইকারী সন্দেহে তল্লাশির সময় বিস্ফোরণে পুলিশ আহত
রাজধানীর লালবাগ কেল্লার মোড়ে ছিনতাইকারী সন্দেহে কয়েকজন যুবককে তল্লাশি করার সময় হাতবোমা বিস্ফোরণে এক পুলিশসহ দুইজন আহত হয়েছেন।
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাহজালাল জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ওই এলাকার হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- লালবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী তাইফ উদ্দিন (৪০) ও সন্দেহভাজন ছিনতাইকারী আল আমিন (২৮)।
ডানহাত ও শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারবিদ্ধ তাইফকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেল্লার মোড় এলাকায় প্রায়ই ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। ভোরের দিকে রাস্তার পাশে কয়েকজন যুবককে দেখে সন্দেহ হওয়ায় টহল পুলিশ তাদের তল্লাশি করতে চায়।
“তল্লাশির ঠিক আগ মুহূর্তে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে দুইজন আহত হয়। বোমাটি আল আমিনের কাছে ছিল বলে ধারণা করা হচ্ছে।”
আর আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।
