দুর্গাপুরে তিন বিএনপি নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় এবং বিদ্রোহীর পক্ষে প্রচারণা চালানোয় বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এরা হলেন দুর্গাপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান লালবু ও বিএনপি নেতা সাইদুর রহমান মন্টু।
বুধবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশ ফ্যাক্সে রাজশাহী জেলা বিএনপির কাছে পাঠানো হয়।
এ আদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃংখলাভঙ্গের কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বিএনপি নেতা মোল্লা আব্দুল ওয়াহেদ, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্টু ও সাবেক সহসভাপতি কামরুজ্জামান লালবুকে বহিষ্কার হলো।
দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি এসএম আকবর আলী বাবলু বলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েনকে চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ জামালকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে আব্দুল ওয়াহেদ ও লালবু প্রার্থী হয়েছেন। আর তাদের পক্ষে প্রচারণা চালানোয় মুন্টুসহ এই তিন নেতাকে দলের কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ তিনি পেয়েছেন বলে নিশ্চিত করেন।
