আসাদগেট এলাকার আড়াই হাজার ফোন বিকল
রাজধানীর আসাদগেট এলাকায় ভূগর্ভস্থ কেবল কাটা পড়ায় প্রায় ২৫০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।
বুধবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল কাটা যাওয়ায় শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন লালমাটিয়া, আসাদ এভিনিউ, ইকবাল রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডসহ আশেপাশের এলাকার প্রায় ২৫০০ টেলিফোন বিকল হয়ে পড়ে।
“বুধবার সকালে ঢাকা ওয়াসার উন্নয়ন কাজে রাস্তা খননের সময় আসাদগেটের পাশে আড়ং-এর কাছে বিভিন্ন জোড়ার ২৭০০ ভূগর্ভস্থ প্রাইমারি ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় টেলিফোনগুলো অচল হয়ে পড়ে।”
ক্ষতিগ্রস্ত কেবল মেরামতের কাজ হাতে নেয়া হয়েছে এবং খুব দ্রুত টেলিফোনগুলো পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে বিটিসিএল।
